স্বাধীন কণ্ঠ ডেস্ক
যশোর শহরের রেলওয়ে স্টেশন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১১টি ককটেল উদ্ধার করেছে র্যাব-৬, যশোর ক্যাম্পের সদস্যরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে রেলওয়ে স্টেশন সংলগ্ন একটি পরিত্যক্ত কোয়ার্টারের বারান্দা থেকে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর রেলওয়ে স্টেশনের সামনের মোবাইল টাওয়ার সংলগ্ন বস্তি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ওই এলাকার একটি পরিত্যক্ত রেলওয়ে কোয়ার্টারের বারান্দার মেঝেতে কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় সন্দেহজনক বস্তু দেখতে পায় র্যাব সদস্যরা। পরে তল্লাশি চালিয়ে সেখান থেকে ১১টি ককটেল উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ককটেলগুলো উপস্থিত স্থানীয় সাক্ষীদের সামনে জব্দ করা হয়। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ ডায়েরি (জিডি) মূলে ককটেলগুলো যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব আরও জানায়, এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে বিস্ফোরকগুলো কারা এবং কী উদ্দেশ্যে সেখানে রেখে গেছে, তা জানতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। সংশ্লিষ্টদের শনাক্ত করে আইনের আওতায় আনতে র্যাব কাজ করছে।
জননিরাপত্তা রক্ষায় এবং সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে বলে জানিয়েছে র্যাব কর্তৃপক্ষ।




