যশোর-৩ আসনে ভোট চুরি রুখতে জনগণই পাহারাদার হবে: অনিন্দ্য ইসলাম অমিত

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কণ্ঠ ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, এবার আর ভোট চুরি, ছিনতাই কিংবা ডাকাতির সুযোগ দেওয়া হবে না। বহুল প্রতীক্ষিত এই ভোট নতুন করে লুট করার চেষ্টা হলে জনগণই তা প্রতিহত করবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

শুক্রবার সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নে নির্বাচনী প্রচারণার সূচনায় মানিকদিহী গ্রামে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। অমিত বলেন, “অতীতে আমাদের ভোট বারবার চুরি হয়েছে, ছিনতাই ও ডাকাতি হয়েছে। সে কারণেই দেড় যুগেরও বেশি সময় ধরে মানুষ প্রকৃত ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এবার সেই পরিস্থিতি আর মেনে নেওয়া হবে না।”

তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি সেই কাঙ্ক্ষিত ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে, যার জন্য মানুষ বছরের পর বছর অপেক্ষা করেছে। এই ভোট যাতে আর কেউ কেড়ে নিতে না পারে, সে জন্য প্রতিটি ভোটকেন্দ্রে জনগণকে সঙ্গে নিয়ে পাহারা দেওয়া হবে। নিজেদের ভোট নিজেরাই প্রয়োগ করা হবে এবং ভোটের ফলাফল নিশ্চিত করা হবে বলেও তিনি জানান।

অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের তথাকথিত নির্বাচনে জনগণের ভোট ছাড়াই জনপ্রতিনিধি বানানো হয়েছে। এসব অবৈধ জনপ্রতিনিধিরা এলাকার কোনো বাস্তব উন্নয়ন করেনি। জনগণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক ছিল না বলেও তিনি মন্তব্য করেন।

নিজের পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যের কথা তুলে ধরে তিনি বলেন, “আমার পিতা তরিকুল ইসলামকে আপনারা যতবার ভোট দিয়ে নির্বাচিত করেছেন, ততবারই তিনি এই এলাকার রাস্তা-ঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানসহ সার্বিক উন্নয়নে কাজ করেছেন। জনগণের জন্য কাজ করাই ছিল তাঁর রাজনীতির মূল লক্ষ্য।”

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আগামী দিনে তাঁকে নির্বাচিত করলে যশোর-৩ আসনের উন্নয়ন নতুন করে সাজানো হবে। কৃষিপ্রধান এই অঞ্চলের মানুষের সুবিধার্থে একটি আধুনিক হিমাগার নির্মাণ করা হবে। উন্নয়ন হবে মানুষের প্রয়োজনে, কোনো দলীয় স্বার্থে নয় বলেও তিনি আশ্বাস দেন।

পথসভায় উপস্থিত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীসহ স্থানীয় সাধারণ মানুষ ধানের শীষের পক্ষে জোরালো সমর্থন জানিয়ে অনিন্দ্য ইসলাম অমিতকে বিজয়ী করার অঙ্গীকার ব্যক্ত করেন।