যশোর উপশহর ই-ব্লকে চুরি-ছিনতাই রোধে জরুরি সভা: নৈশপ্রহরী নিয়োগের সিদ্ধান্ত

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

​যশোর উপশহর ই-ব্লক এলাকায় সাম্প্রতিক সময়ে চুরি, ছিনতাই ও মাদকাসক্তদের উপদ্রবসহ অসামাজিক কার্যকলাপ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। যা নিয়ে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। মহল্লার নিরাপত্তা জোরদার করতে শুক্রবার বিকেলে উপশহর মাধ্যমিক বিদ্যালয় মাঠে ‘অনির্বাণ সংঘ ও নাগরিক সুরক্ষা কমিটি’র আয়োজনে এক জরুরি সভা করা হয়েছে।

​সভায় সভাপতিত্ব করেন নাগরিক সুরক্ষা কমিটির সভাপতি রকিব মোস্তফা। সভায় বক্তারা বলেন, একটি সুস্থ ও সুন্দর সমাজের জন্য চুরি ও মাদকের বিস্তার অত্যন্ত অকল্যাণকর। মহল্লাকে নিরাপদ রাখতে এবং অপরাধ দমনে প্রাথমিক পদক্ষেপ হিসেবে অবিলম্বে নৈশপ্রহরী ব্যবস্থা চালু করার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।

​সভায় উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও সংহতি প্রকাশ করেন উপশহর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক তুহিন হোসেন। তিনি অপরাধ দমনে এলাকাবাসীর এই সচেতনতাকে সাধুবাদ জানান এবং পুলিশের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

​বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সামাদ। এ সময় আরও উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব ও সিনিয়র সিটিজেন মো. কামরুজ্জামান, শামীম আহমেদ, কামাল উদ্দীন, আব্দুর রহমান, আব্দুর রাজ্জাক, হাবিবুর রহমান বাবুল, সজল অধিকারী ও মশিয়ার রহমান। এছাড়া সভায় বিভিন্ন সিকিউরিটি কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত থেকে পেশাদার নিরাপত্তার বিষয়ে পরামর্শ প্রদান করেন।

​সভায় উপস্থিত এলাকাবাসীরা ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। কমিটির পক্ষ থেকে জানানো হয়, অতি দ্রুতই প্রশিক্ষিত সিকিউরিটি গার্ড নিয়োগের মাধ্যমে মহল্লার প্রবেশপথগুলোতে নজরদারি বাড়ানো হবে।