যশোর সদরের রূপদিয়া থেকে বকচর-লাঙ্গলের গণজোয়ার

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কণ্ঠ ডেস্ক

যশোর-৩ (সদর) আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোঃ খবির গাজী দিনব্যাপী ঝটিকা সফরের মাধ্যমে সদর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। শনিবার সকাল থেকে রাত পর্যন্ত তিনি রূপদিয়া, রামানগর, বসুন্দিয়া, রাজারহাট, মোড়লি ও বকচর এলাকায় ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।

সকালে রূপদিয়া বাজার ও রামানগর এলাকায় গণসংযোগের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন খবির গাজী। এ সময় তিনি স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন।

পরবর্তীতে বসুন্দিয়া ও রাজারহাট মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় তিনি লাঙ্গল প্রতীককে পরিবর্তন ও উন্নয়নের প্রতীক হিসেবে তুলে ধরেন। বিকেলে মোড়লি মোড় হয়ে বকচর এলাকায় পৌঁছালে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। তিনি পাড়া-মহল্লায় ঘুরে বয়োজ্যেষ্ঠদের দোয়া নেন এবং তরুণদের কাছে সমর্থন প্রত্যাশা করেন।

পথসভায় বক্তব্যে  খবির গাজী বলেন,যশোর সদরের মানুষের ভাগ্যোন্নয়নে লাঙ্গল প্রতীকের কোনো বিকল্প নেই। রূপদিয়া থেকে বকচর সর্বত্রই পরিবর্তনের হাওয়া বইছে। জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ আজ ঐক্যবদ্ধ। মানুষ যদি নির্ভয়ে ভোট দিতে পারে, তাহলে লাঙ্গলের জয় নিশ্চিত।

তিনি আরও বলেন, রাজারহাট ও মোড়লির মতো গুরুত্বপূর্ণ মোড়গুলোতে যানজট নিরসন এবং সদর উপজেলার অবহেলিত রাস্তাঘাটের আধুনিকায়ন তার অগ্রাধিকারভিত্তিক কাজ হবে।

দিনব্যাপী গণসংযোগ শেষে বকচর এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত হয়। এ সময় স্থানীয় নেতৃবৃন্দ আগামী নির্বাচনে কেন্দ্রে গিয়ে লাঙ্গল মার্কায় ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন যশোর জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, অ্যাডভোকেট জিএম মুসা, রামনগর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ শাহীন, রামনগর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদকসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।