স্বাধীন কন্ঠ ডেস্ক
সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে ঐতিহাসিক সাফল্য অর্জন করায় বাংলাদেশ নারী দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। রবিবার (২৫ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বার্তায় এই তথ্য জানানো হয়।
অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, “সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে শিরোপা অর্জন দেশের ক্রীড়াঙ্গনের জন্য গৌরবের। এই সাফল্য বাংলাদেশের নারী ক্রীড়াবিদদের অদম্য মনোবল, কঠোর পরিশ্রম ও সক্ষমতার এক উজ্জ্বল প্রমাণ।”
বিজয়ী দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, “এই অর্জন দেশের তরুণ প্রজন্মকে খেলাধুলায় আরও উৎসাহিত করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে।” তিনি ভবিষ্যতেও নারী ক্রীড়াবিদদের এই ধারাবাহিক সাফল্য কামনা করেন।
উল্লেখ্য, থাইল্যান্ডের ব্যাংককে প্রথমবারের মতো আয়োজিত সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ মালদ্বীপকে ১৪-২ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ।




