স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরে অবৈধভাবে বিক্রির সময় তিনটি দেশি টিয়া পাখি উদ্ধার করেছে বন বিভাগ। রোববার দুপুরে শহরের কাঠের পোল এলাকায় অভিযান চালিয়ে এই পাখি উদ্ধার করা হয়।
অভিযানকালে কাঠের পোল এলাকার ‘স্পর্শ বার্ডস এন্ড পেট শপ’ থেকে দুইটি এবং একই এলাকার আরেকটি পাখির দোকান থেকে একটি দেশি টিয়া পাখি উদ্ধার করা হয়। এ সময় দোকান মালিকদের প্রথমবারের মতো সতর্ক করে দেওয়া হয়। উদ্ধারকৃত তিনটি টিয়া পাখি তাৎক্ষণিকভাবে সামাজিক বন বিভাগ কার্যালয়ে আনা হয়। পরে বিভাগীয় বন কর্মকর্তা অমিতা মন্ডল এবং ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা মিজানুর রহমানসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে পাখি তিনটি অবমুক্ত করা হয়।
বন বিভাগ জানায়, বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী দেশি ও অতিথি পাখি শিকার, ক্রয়-বিক্রয় ও খাঁচায় বন্দি রাখা দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।




