যশোরে নেশার টাকার জন্য বাবা মাকে কুপিয়ে জখম

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

যশোরে নেশার টাকার জন্য নিজের বাবা-মাকে বটি দিয়ে কুপিয়ে এবং লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার এক লোমহর্ষক ঘটনা ঘটেছে।

রোববার দিবাগত রাত ৩টার দিকে সাতমাইল হৈবতপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন ওই গ্রামের আছির উদ্দিন (৭০) ও তাঁর স্ত্রী রোকেয়া (৬০)। আহত দম্পতি বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও আহতদের সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাতে আহতের ছোট ছেলে সাদ্দাম তাঁর বাবা-মায়ের কাছে নেশার জন্য টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করায় ক্ষিপ্ত হয়ে সাদ্দাম প্রথমে তাঁর বাবা-মাকে লাঠি দিয়ে মারধর করে। পরে বটি দিয়ে দু’জনকেই বাম হাতে আঘাত করে রক্তাক্ত ও জখম করে।

দম্পতির আর্তচিৎকারে প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। এসময় সাদ্দাম পালিয়ে যায়। প্রতিবেশীরা আহত আছির উদ্দিন ও রোকেয়াকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

যশোর জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের ইনচার্জ ডাক্তার বিচিত্র মল্লিক জানান, আহতদের মাথা ওর শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া উভয়ের হাতে ধারালো অস্ত্রের ক্ষত চিহ্ন রয়েছে।

এঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অবিলম্বে অভিযুক্ত সাদ্দামকে আটক করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

হাসপাতালে কর্তব্যরত যশোর কোতয়ালী থানার উপপরিদর্শক মনিরুজ্জামান জানিয়েছেন, আহতদের পক্ষ থেকে অভিযোগ পেলে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পলাতক সাদ্দামকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।