স্বাধীন কন্ঠ ডেস্ক
একটা গুপ্তদল পরিকল্পিত ভাবে ভোট বানচাল করতে বিএনপি মনোনীত প্রার্থীর বাড়ি ভোট চাইতে গিয়ে বিশৃংখলা তৈরি করেছে। তারা দাঁড়িপাল্লায় ভোট না দিলে সে জাহান্নামি ও মুনাফেক এমন অপপ্রচার চালাচ্ছে। এছাড়া, যশোর-২ (চৌগাছা–ঝিকরগাছা) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ নারী কর্মীদের উপর হামলার কথা বলে যে সংবাদ সম্মেলন করেছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন এমন দাবি করেছেন ওই আসনের বিএনপি মনোনীত সাবিরা নাজমুল।
সোমবার প্রেসক্লাব যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে সাবিরা নাজমুল বলেন, গত ২৫ জানুয়ারি যশোর প্রেস ক্লাবে জামায়াত প্রার্থী যে সাংবাদিক সম্মেলন করেছেন, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। আসন্ন নির্বাচনে নিজেদের জনপ্রিয়তা না থাকায় ভোটের মাঠে বিভ্রান্তি ছড়াতেই এ ধরনের নাটক সাজানো হয়েছে।
তিনি বলেন, জামায়াত প্রার্থী অভিযোগ করেছেন যে তাদের নারী কর্মীদের ওপর হামলা করা হয়েছে। বাস্তবে এমন কোনো ঘটনা ঘটেনি। বরং পরিকল্পিতভাবে জামায়াতের একটি গুপ্ত দল আমাদের বাড়িতে এসে দাঁড়িপাল্লা মার্কায় ভোট চেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। জাহান্নামের ভয় দেখিয়ে ভোট আদায়ের চেষ্টা করেছে।
সাবিরা নাজমুল আরও বলেন, তাদের ওপর কোনো হামলা হয়নি। কারও মোবাইল বা ব্যাগ ছিনতাইয়ের ঘটনাও ঘটেনি। প্রার্থীর জনপ্রিয়তা দেখে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে এসব মিথ্যা অভিযোগ সাজিয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, ঝিকরগাছা উপজেলা যুবদলের সভাপতি আরাফাত কল্লোলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।




