স্বাধীন কন্ঠ ডেস্ক
স্ত্রী ও ৯ মাসের শিশুসন্তানের মর্মান্তিক মৃত্যুর তিন দিন পর নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা শাখার সভাপতি জুয়েল হাসান সাদ্দাম জামিন পেয়েছেন। সোমবার (২৬ জানুয়ারি) উচ্চ আদালত মানবিক দিক বিবেচনায় তাকে ছয় মাসের জামিন মঞ্জুর করেন।
এর আগে গত শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে সাদ্দামের নিজ বাড়ি থেকে তার স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। একই সময় উদ্ধার করা হয় তাদের ৯ মাস বয়সী শিশুসন্তান নাজিমের নিথর দেহ। এ ঘটনায় এলাকায় চরম শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ঘটনার পরদিন শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকে কঠোর নিরাপত্তার মধ্যে সাদ্দামকে তার স্ত্রী ও সন্তানের মরদেহ শেষবারের মতো দেখার সুযোগ করে দেয় কারা কর্তৃপক্ষ।
উল্লেখ্য, সাদ্দাম গত বছরের ৫ এপ্রিল গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার হওয়ার পর থেকে যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। পরিবারের এই অপূরণীয় ক্ষতির প্রেক্ষিতে আদালত মানবিক বিবেচনায় তার জামিন মঞ্জুর করেন।




