স্বাস্থ্যখাতে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্সের’ ঘোষণা ইশরাকের

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

বাংলাদেশের স্বাস্থ্যখাতে গত ১৭ বছরে ব্যাপক দুর্নীতি ও পরিকল্পিত লুটপাট হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন। আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে স্বাস্থ্যখাতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে জানিয়ে ইশরাক হোসেন বলেন, চিকিৎসা সেবা, নিয়োগ ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি প্রক্রিয়ায় কোনও ধরনের দুর্নীতি বরদাস্ত করা হবে না।

সোমবার (২৬ জানুয়ারি) রাজধানীর ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভায় ইশরাক বলেন, স্বাস্থ্যখাতকে দুর্নীতিমুক্ত করতে পারলেই কেবল সাধারণ মানুষ প্রকৃত চিকিৎসা সেবা পাবে।

তিনি অভিযোগ করেন, বিগত সরকারের উচ্চপর্যায়ের আশীর্বাদে মিঠু ও জিকে শামীমের মতো ঠিকাদারদের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নামে যন্ত্রপাতি কেনা হলেও অনেক জায়গায় ভবনের ছাদ পর্যন্ত হয়নি। কোথাও হাসপাতালের জায়গায় এখন গরু-ছাগল লালন-পালন করা হচ্ছে। এমনকি ন্যাশনাল মেডিক্যাল কলেজে ভর্তি ও নিয়োগেও মেধার বদলে অর্থ লেনদেন হয়েছে, যা চিকিৎসা খাতের জন্য অশনিসংকেত।

ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা তুলে ধরে ইশরাক বলেন, “বর্তমানে এই ৫০০ বেডের হাসপাতালটিকে ধাপে ধাপে ১,০০০ বেডে উন্নীত করা হবে। হাসপাতালের সামনে অবস্থিত আজাদ সিনেমা হলের জায়গাটি অন্য কাজে ব্যবহার না করে হাসপাতালের বেড সংখ্যা বাড়ানোর কাজে ব্যবহার করা উচিত।” এই অঞ্চলে সুলভ মূল্যে আধুনিক চিকিৎসা নিশ্চিত করতে সরকারি বিনিয়োগ বাড়ানোর প্রতিশ্রুতি দেন তিনি।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “দেশ রক্ষার স্বার্থেই জনগণকে ভোট কেন্দ্রে যেতে হবে।” বিশেষভাবে নারী ভোটারদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং ড্যাবের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।