স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর সদর-৩ আসনের বিএনপি প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত কাশিমপুর ইউনিয়নে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। এ উপলক্ষে কাশিমপুর ইউনিয়নের কৃতি সন্তান সাবেক সংসদ সদস্য আলী রেজা রাজু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইসহ সকল প্রয়াত নেতাদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ এবং তাঁদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
মঙ্গলবার সকাল থেকে ষষ্ঠ দিনের মতো তিনি কাশিমপুর ইউনিয়নের শানতলা গ্রাম থেকে প্রচারণা শুরু করেন। এ সময় শানতলা গ্রামের হিন্দু-মুসলিম সর্বস্তরের মানুষের ফুলের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হন তিনি। ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও পাড়া-মহল্লায় ঘুরে ঘুরে তিনি গণসংযোগ ও প্রচারণা চালান।
প্রচারণাকালে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “আমরা আগামীতে কেমন বাংলাদেশ গড়তে চাই, তার প্রমাণ গত চব্বিশের গণ-অভ্যুত্থানের পর জনগণকে সঙ্গে নিয়ে দেখিয়েছি। সারাদেশের মতো যশোরেও আমরা পাড়া-মহল্লায় পাহারা বসিয়ে সনাতন ধর্মাবলম্বীসহ সকল ধর্মের মানুষের জানমাল, ব্যবসা প্রতিষ্ঠান ও ঘরবাড়ির নিরাপত্তা নিশ্চিত করেছি। বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। ধর্মীয় বিশ্বাসের ভিন্নতার কারণে বিএনপি কখনোই মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে না।
তিনি আরও বলেন, কাশিমপুর ইউনিয়নের ভেঙে পড়া রাস্তাঘাট ও অবকাঠামোগত উন্নয়নের জন্য আমি ধানের শীষে ভোট চাই। আমার পিতা তরিকুল ইসলাম এই এলাকার মেঠোপথ থেকে শুরু করে রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মন্দিরের উন্নয়ন এবং ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছিলেন। এরপর দীর্ঘ ১৭ বছর এ এলাকার মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। আমি নতুন করে এই এলাকায় টেকসই উন্নয়ন করতে চাই।




