স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এলাকা থেকে এক সাইকেল চোরকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ২টার দিকে হাসপাতালের অভ্যন্তরে ওভার ব্রিজের নিচ থেকে তাকে আটক করা হয়। আটককৃত হৃদয় (২০) শহরের সুজলপুর ধর্মতলা এলাকার লিটন হোসেনের ছেলে ।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ জানুয়ারি হাসপাতালের সার্জারি ওয়ার্ডের গেটের সামনে থেকে একটি বাইসাইকেল চুরির ঘটনা ঘটে। চুরির বিষয়টি হাসপাতালের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়লে পুলিশ ফুটেজ দেখে চোরকে শনাক্ত করে। আজ মঙ্গলবার দুপুরে অভিযুক্ত হৃদয়কে হাসপাতালের ভেতর ঘোরাঘুরি করতে দেখে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে হাতেনাতে আটক করেন। এসময় তার দেহ তল্লাশি করে এক পুড়িয়া গাঁজা এবং সাইকেল চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়।
হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা জানান, আটককৃত হৃদয় একজন পেশাদার সাইকেল চোর। সিসিটিভি ফুটেজের সাহায্য নিয়ে তাকে শনাক্ত করা সম্ভব হয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।




