যশোরে নব কিশলয় স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরের নব কিশলয় স্কুলে অনুষ্ঠিত হয়েছে ৪২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মঙ্গলবার সকালে স্কুল প্রাঙ্গণে রঙিন পতাকা, করতালি ও শিশুদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।

‘সুস্থ দেহে সুস্থ মন’ এই স্লোগানকে সামনে রেখে দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসন পরিচালিত নব কিশলয় স্কুলের শিক্ষার্থীরা দৌড়, লং জাম্প, বল নিক্ষেপ, ব্যালান্স রেসসহ বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণ করে। প্রতিটি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ ও পারস্পরিক উৎসাহ অনুষ্ঠানকে করে তোলে আরও প্রাণচাঞ্চল্যপূর্ণ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোরের জেলা প্রশাসক ও নব কিশলয় স্কুলের সভাপতি মোহাম্মদ আশেক হাসান। তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাদের মধ্যে শৃঙ্খলা ও নেতৃত্বগুণ তৈরি করে। তিনি আরও বলেন, আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ এবং জেলা শিক্ষা অফিসার মো. মাহফুজুল হোসেন। অতিথিরা শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলার প্রতি উৎসাহিত করেন। এমন আয়োজনের জন্য স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নব কিশলয় স্কুলের অধ্যক্ষ লায়লা শিরীন সুলতানা। তিনি বলেন, নানা প্রতিকূলতার মধ্যেও শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ নিচ্ছে, যা তাদের আত্মবিশ্বাস ও মনোবল বাড়াতে সহায়ক। তিনি আয়োজনে সহযোগিতার জন্য জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানের শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।