স্বাধীন কন্ঠ ডেস্ক
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগেই হাদি হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। অন্যথায় সারাদেশে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।
বুধবার দুপুরে যশোর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে অনুষ্ঠিত ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি থেকে এ হুঁশিয়ারি দেওয়া হয়। কর্মসূচিটি শহরের মণিহার এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চাঁচড়া চেকপোস্টে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, হাদি হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত ব্যক্তি এবং নেপথ্যের কারিগররা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে। ঘটনার দীর্ঘ সময় পার হয়ে গেলেও মূল অপরাধীদের আইনের আওতায় না আনা অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক।
বক্তারা আরও বলেন, “এই দেশে যারা রাজনীতি করবে, তারা যদি ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী রাজনীতি করতে চায়, তবে তাদের স্থান এই দেশে হবে না। তাদের অবস্থান হবে বঙ্গোপসাগরে।”
সমাবেশ চলাকালে ‘বিচার চাই, বিচার চাই’, ‘হাদি হত্যার বিচার চাই’—এমন স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। নেতারা পুনরায় দাবি জানান, জাতীয় সংসদ নির্বাচনের আগেই হাদি হত্যার বিচার নিশ্চিত করতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক শাহেদ মোহাম্মদ রিজভী, সদস্য সচিব বিএম আকাশ, মুখপাত্র সাইদ সান, যুগ্ম আহ্বায়ক এস কে সুজনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।




