চুড়ামনকাটিতে নদীর পাড় থেকে পরিত্যক্ত দেশীয় পিস্তল উদ্ধার

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কণ্ঠ ডেস্ক
যশোর সদর উপজেলার চুড়ামনকাটি শানতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের নদীর পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় পিস্তল উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের টিউবওয়েল নষ্ট থাকায় কয়েকজন শিক্ষার্থী খেলাধুলার ফাঁকে নদীতে পা ধুতে যায়। এ সময় এক শিক্ষার্থীর পায়ে একটি ধাতব বস্তুতে বাধে। পরে কাছে গিয়ে তারা দেখতে পায় সেটি একটি পিস্তল সদৃশ বস্তু। বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থীরা সেটি শিক্ষকদের কাছে হস্তান্তর করে।

পরবর্তীতে বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি কোতোয়ালি থানাকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পিস্তলটি উদ্ধার করে হেফাজতে নেয়।

এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত বস্তুটি দেখতে পিস্তলের মতো হলেও এটি সম্পূর্ণ কার্যকর আগ্নেয়াস্ত্র নাও হতে পারে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ এটি তৈরির চেষ্টা করেছিল। সম্পূর্ণভাবে প্রস্তুত না হওয়ায় সেটি নদীর পাড়ে ফেলে রাখা হয়ে থাকতে পারে।

তিনি আরও জানান, উদ্ধারকৃত বস্তুটি পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে এবং এর সঙ্গে কোনো অপরাধমূলক ঘটনার সংশ্লিষ্টতা রয়েছে কি না, সে বিষয়ে তদন্ত চলছে।