স্বাধীন কণ্ঠ ডেস্ক
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে যশোর-৩ (সদর) আসনের ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকের দুই প্রার্থীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে যশোর শহরের পুরাতন কসবা চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সরকারি এমএম কলেজের পুরোনো হোস্টেলের দেয়ালে ধানের শীষ প্রতীকের পোস্টার সাঁটানো থাকায় বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই সময় এলাকায় চলাচলরত দুটি ইজিবাইকের পেছনে জামায়াত সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আব্দুল কাদেরের পোস্টার লাগানো অবস্থায় পাওয়া গেলে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
সংশ্লিষ্ট প্রার্থীদের নির্বাচনী এজেন্টরা ঘটনাস্থলেই জরিমানার অর্থ পরিশোধ করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসাইন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন। অভিযানকালে যৌথবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।




