স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাধারণ ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে আঞ্চলিক গানের অনুষ্ঠান করা হয়েছে। সোমবার বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত যশোর শহরের ঐতিহাসিক মুন্সী মেহেরুল্লাহ ময়দানের (টাউন হল মাঠ) রওশন আলী মঞ্চে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে যশোর জেলা তথ্য অফিস।
অনুষ্ঠানের উদ্বোধন করেন, যশোর জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম। উদ্বোধনী বক্তব্যে তিনি আসন্ন গণভোট ও সংসদ নির্বাচনের গুরুত্ব এবং গুরুত্ব এবং আচরণবিধি নিয়ে আলোকপাত করেন। তিনি বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে প্রতিটি নাগরিকের ভোটাধিকার প্রয়োগ করা জরুরি। সাধারণ মানুষকে নির্বাচনের আচরণবিধি সম্পর্কে অবহিত করতে এবং উৎসবে মেজাজে ভোটকেন্দ্রে আসার আহ্বান জানাতেই আমাদের এই আয়োজন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক এলিন সাঈদ-উর রহমান এবং ব্যঞ্জন থিয়েটার যশোরের সভাপতি আনিসুজ্জামান মিন্টু। এছাড়াও যশোরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় সচেতন নাগরিক এবং গণমাধ্যমকর্মীরা এই আয়োজনে অংশ নেন।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল খুলনা বেতারের জনপ্রিয় আঞ্চলিক শিল্পীবৃন্দ। স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ‘ব্যঞ্জন থিয়েটার’-এর শিল্পীদের পরিবেশিত মাটি ও মানুষের গান। গানের ছন্দে ও লোকজ সুরে ভোটারদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন করা হয়। গানের পাশাপাশি অনুষ্ঠানে তিনটি মনোজ্ঞ নৃত্য পরিবেশন করা হয়।যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক গ্রামের কাগজের মাল্টিমিডিয়া রিপোর্টার প্রত্যাশা আক্তার নিশা।




