স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর সদর উপজেলার ছোট বালিয়াডাঙ্গা এলাকায় ধানের জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিউল ইসলাম মিষ্টু (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম মিষ্টু ছোট বালিয়াডাঙ্গা গ্রামের আব্দুল খালেক মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ছোট বালিয়াডাঙ্গা পশ্চিম পাড়ার মাঠে নিজের সেচ পাম্প দিয়ে ধানের জমিতে পানি দিচ্ছিলেন রবিউল। এসময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। আশপাশের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বর্তমানে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।




