স্বাধীন কন্ঠ ডেস্ক
সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, আগামী দিনে যশোরের মুক্ত পরিবেশে কোনো মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী কিংবা চাঁদাবাজের জায়গা হবে না। তাদের ঠিকানা হবে কারাগার। জনগণের সামান্য কষ্টের কারণ হয়—এমন ব্যক্তি যদি আমার দলের সর্বোচ্চ পর্যায়ের নেতাও হন, তাকেও আইনের আওতায় এনে কারাগারে পাঠানো হবে।
শনিবার সদর উপজেলার নতুনহাট বাজারে অনুষ্ঠিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বর্তমানে যারা বিএনপির প্রতিপক্ষ হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছে, অতীতে তাদের রাষ্ট্র পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই। সে কারণে জনগণের জন্য তাদের কোনো সুস্পষ্ট কর্মপরিকল্পনাও নেই। ধানের শীষে ভোট দিলে যশোরের মতো সারাদেশেই শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে এবং মানুষ প্রকৃত উন্নয়ন অনুভব করবে। অতীতে বিএনপি তা বারবার প্রমাণ করেছে।
তিনি আরও বলেন, মানুষ আজ ভোট দেওয়ার জন্য উদগ্রীব হয়ে উঠেছে। অতীতে যতবার জনগণ ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, ততবারই নিজেদের প্রয়োজনে ধানের শীষে আস্থা রেখেছে। বিএনপি সরকার গঠন করে সেই আস্থার প্রতিদান দিয়েছে। অতীতের ধারাবাহিকতায় এবারও জনগণ ধানের শীষেই আস্থা রাখবে।
পথসভায় তিনি বলেন, বিএনপি ইতোমধ্যে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। এটি কোনো সাধারণ ঘোষণা নয়, বরং জনগণের সঙ্গে একটি চুক্তি। বিএনপি সরকার গঠন করলে সেই চুক্তি বাস্তবায়ন বাধ্যতামূলকভাবে করা হবে। বর্তমানে দেশে অস্থিরতা বিরাজ করছে। এ অবস্থা থেকে দেশকে ফিরিয়ে আনতে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা জরুরি। এজন্য বিএনপি সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে চায়।
এর আগে অনিন্দ্য ইসলাম অমিত পুলেরহাট বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন। এ সময় তিনি বাজারের ব্যবসায়ী ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় উপস্থিত অনেকেই আগামী নির্বাচনে ধানের শীষের প্রতি তাদের অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করেন।




