যশোরে মহাসপ্তমীতে জেলা পুলিশের ‘সম্প্রীতি শোভাযাত্রা’
নিজস্ব প্রতিবেদক
সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহ সপ্তমীতে যশোরে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘সম্প্রীতি শোভাযাত্রা’। শনিবার বিকেলে জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে লাল দিঘির পাড় থেকে এই শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন যশোর জেলার পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, দুর্গাপূজা আমাদের দেশের অন্যতম বৃহত্তম সার্বজনীন উৎসব। এই ধর্মীয় উৎসবে মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই। অসাম্প্রদায়িক বাংলাদেশে আবহমানকাল ধরে সকল ধর্মের মানুষ সার্বজনীনভাবে শারদীয় দুর্গাপূজা পালন করে আসছে। আজকের এই সম্প্রীতি শোভাযাত্রা আমাদের সেই অসাম্প্রদায়িক চেতনারই একটি উজ্জ্বল উদাহরণ, যেখানে সকল ধর্ম ও বর্ণের মানুষ একত্র হয়ে অংশগ্রহণ করেছেন।
পূজামণ্ডপগুলোর নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে আশ্বস্ত করে তিনি আরও বলেন, যশোর জেলার প্রতিটি পূজা মণ্ডপের আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভালো ও সন্তোষজনক। আশা করছি সকলের সহযোগিতায় আমরা সুন্দর ও আনন্দময় পরিবেশে এবারের উৎসবটি সফলভাবে সম্পন্ন করতে পারব।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মাসুম বিল্লাহ এবং প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। এছাড়াও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের সুধীজন ও সাধারণ নাগরিকরা স্বতঃস্ফূর্তভাবে এই সম্প্রীতি শোভাযাত্রায় অংশ নেন।






















