ভুয়া সংগঠনের নামে রাস্তার পাশের গাছ গায়েব, গ্রেফতার-১

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

নাজমুল ইসলাম পাবনা জেলা প্রতিনিধি// ভুয়া সংগঠনের নামে উপজেলার বিভিন্ন সড়কের দুই পাশ থেকে শতাধিক গাছ কেটে নেওয়ার ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ সংগঠনটির নির্বাহী পরিচালক ইমান আলী খানকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার পাবনার সুজানগর পৌর ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু বকরের দায়ের করা মামলায় বৃহস্পতিবার ‘সাকো প্রতিবন্ধী সামাজিক বনায়ন প্রকল্প’ নামে ওই সংগঠনের নির্বাহী পরিচালককে গ্রেফতার করা হয়।জানা গেছে, কয়েক মাস আগ থেকে সাকো প্রতিবন্ধী সামাজিক বনায়ন প্রকল্পের নাম ব্যবহার করে সুজানগর উপজেলা সদরের ভবানীপুর এলাকার ইমান আলী উপজেলার দুলাই, সাতবাড়িয়া,ভায়না ইউনিয়নের কয়েক কিলোমিটার সড়কের বিভিন্ন স্থান থেকে শতাধিক বিভিন্ন প্রজাতির গাছ কাটা শুরু করে। তবে জেলা সমাজ সেবা অফিস বলছে, এ নামে কোনো সংগঠনের অনুমোদন নেই।

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি প্রকাশ হলে গত বুধবার সুজানগর পৌর ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু বকর বাদী হয়ে ইমান আলীর বিরুদ্ধে সুজানগর থানায় সড়কের ৭০টি গাছ চুরির অভিযোগ আনেন। সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হান্নান জানান, অভিযোগ দায়েরের পর সেটি এজাহার হিসাবে গ্রহণ করে অভিযান চালিয়ে ইমান আলী খানকে গ্রেফতার করে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, ইতোমধ্যে চুরি যাওয়া কয়েকটি গাছ উদ্ধার করা হয়েছে।

বাকি গাছগুলো উদ্ধারের চেষ্টা চলছে। আশা করা হচ্ছে দ্রুতই গাছগুলো উদ্ধার করা সম্ভব হবে।সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওশন আলী বলেন, পুরোপুরি অবৈধভাবে ওই ব্যক্তি সড়কের গাছ কেটেছেন। ঘটনা জানার পর তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত কযেক মাসে তিনি সড়কের কত গাছ কেটেছেন, সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

পাবনার বিভাগীয় বন কর্মকর্তা কাশ্যপী বিকাশ চন্দ্র ইত্তেফাককে বলেন, ইমান আলী নামের কোনো ব্যক্তি বা সাকো প্রতিবন্ধী সামাজিক বনায়ন প্রকল্প নামের কোন সংগঠন সড়কের গাছ কাটার কোনো অনুমতিই নেননি বা কোনো আবেদন করেনি।

গাছ কাটার অনুমতি নিতে হলে দীর্ঘ প্রক্রিয়ার বিষয় রয়েছে। জেলা সমাজ সেবা অফিসের উপ-পরিচালক রাশেদুল কবির বলেন, সাকো প্রতিবন্ধী সামাজিক বনায়ন প্রকল্প নামে কোনো সংগঠনের অস্তিত্ব তাদের জানা নেই। এ নামে কোনো সংগঠন নিবন্ধনের আবেদন পর্যন্ত করেনি।

তিনি আরও বলেন, কোনো সংগঠনের নামে প্রকল্প শব্দ থাকলে সমাজ সেবা থেকে সেটি অনুমোদন দেওয়ার কোনো সুযোগ নেই।