মাহে আলম রনি নারায়ণগঞ্জ// নারায়ণগঞ্জের বন্দরে নদীপথে চাঁদাবাজি, মাদক ও চোরাই মবিল-তেলের ব্যবসা নিয়ন্ত্রণ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে।
এতে নারীসহ ১৫ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। সংঘর্ষের সময় অটোরিকশা ভাঙচুর, অগ্নিসংযোগ ও কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
শনিবার সন্ধ্যায় বন্দর উপজেলার আলীনগর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, চর ধলেশ্বরী নদীতে চাঁদাবাজি ও তেলের ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে অনিক ও রমজান গ্রুপের মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। বিকালে রমজানের ওপর অনিকসহ ২০-২৫ জনের এক দল সন্ত্রাসী হামলা করে এবং তাকে কুপিয়ে জখম করে।এ সময় তারা অটোরিকশা ভাঙচুর, অগ্নিসংযোগ ও কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়।
দুই গ্রুপে ধাওয়া-পালটা ধাওয়ার একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় নারীসহ ১৫ জন আহত হন।
এর মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।বন্দর থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।







