নবাবগঞ্জ প্রতিনিধি:- মাছধরাকে কেন্দ্র করে ঢাকার নবাবগঞ্জের ছোট রাজপাড়া এলাকায় হেলালকে (৫৫) হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন নিহতের পরিবার ও এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে নবাবগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে এ মানববন্ধন করা হয়।
নবাবগঞ্জ থানার ওসি মো. সিরাজুল ইসলাম শেখ এ বিষয়ে বলেন, হত্যার জড়িত দুই আসামি সোমবার আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের আটক করতে তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। অপরাধী যত শক্তিশালী হোক না কেন বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, মাছধরাকে কেন্দ্র করে শনিবার রাতে ঢাকার নবাবগঞ্জের ছোট রাজপাড়া এলাকার মৃত ইউনুছ মিয়ার ছেলে হেলালকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে। রোববার ভোরে হেলাল মিয়ার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় উপজেলার কোমরগঞ্জের পলাশ রাজবংশী, আন্ধারকোঠা এলাকার শ্যামল রাজবংশী ও ছোট রাজপাড়া গ্রামের বাসিন্দা লাল মিয়াকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকালে তাদের আদালতে হাজির করা হলে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন পলাশ রাজবংশী ও শ্যামল রাজবংশী। পরে আদালত তাদের জেলহাজতে প্রেরণ করেছেন।
হেলাল হত্যাকাণ্ডে জড়িত সবার ফাঁসির দাবিতে মানববন্ধনে উপস্থিত মৃত হেলালের ছেলে আসিফ ও মেয়ে রুপার দাবি- তার বাবাকে পরিকল্পিত খুন করা হয়েছে।
তারা হত্যাকারীদের ফাঁসির দাবি করে বলেন, হত্যাকারীরা যাতে আইনের ফাঁক দিয়ে বেড়িয়ে যেতে না পারে এজন্য আমরা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও নবাবগঞ্জ থানা পুলিশের সুদৃষ্টি কামনা করছি।







