শেরপুর প্রতিনিধি:– শেরপুরের নকলা ও নালিতাবাড়ি উপজেলায় পৃথক ঘটনা দুইজন খুন হয়েছেন। এসব ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৫ নভেম্বর) ভোরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
দুইজন হলেন- নকলার উপজেলার রুনীগাও গ্রামের দছির উদ্দিন মেম্বারের ছেলে দর্জি আইয়ুব আলী ও নালিতাবাড়ি উপজেলার আয়নাতলী গ্রামের মীরু শেখের ছেলে মজিবর রহমান ওরফে ময়েজ উদ্দিন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শেরপুরের নকলায় উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের রুনীগাও এলাকায় কয়েকদিন আগে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে আইয়ুব আলীকে হত্যার হুমকি দেয় ভাতিজা মুকুল মিয়া।
বৃহস্পতিবার সকালে আইয়ুব আলী বাড়ি থেকে নকলায় দর্জির কাজ করতে গিয়ে রাতে আর বাড়ি ফিরেননি।
পরে শুক্রবার সকালে বাড়ির পাশে পুকুর পাড়ে আইয়ুব আলীর জুতা ও বাজারের ব্যাগ পড়ে থাকতে দেখেন তার স্বজনরা। পরে পুকুরে আইয়ুব আলীর গলাকাটা লাশ পাওয়া যায়। পরে পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে এবং এ ঘটনায় নিহতের ভাতিজা মুকুল মিয়া ও তার দুই ছেলে মহসিন এবং জিহানসহ ৪ জনকে আটক করে পুলিশ।
এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে।
এদিকে নালিতাবাড়ি উপজেলার কালিনগর গ্রামে দুই বাড়ির মাঝখানে বেড়া দেওয়ার সময় বাগবিতণ্ডার এক পর্যায়ে শ্যালকের লোহার দণ্ডের আঘাতে মজিবর রহমান নামে এক ভগ্নিপতির মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত শ্যালক ইউনুছকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের ছেলে জবেদ আলী বাদী হয়ে নালিতাবাড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
নালিতাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছানোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য শেরপুর মর্গে পাঠানো হয়েছে। মামলা গ্রহণ করে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।







