স্বাধীন কন্ঠ ডেস্ক
পবিত্র আশুরা উপলক্ষে যশোরে শিয়া মুসলিম সম্প্রদায়ের উদ্যোগে এক বিশাল শোক র্যালি ও তাজিয়া মিছিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
রবিবার (৬ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে শুরু হয়ে মুড়লী মোড়স্থ ইমামবাড়ীতে গিয়ে মিছিলটি শেষ হয়। এতে হাজার হাজার শিয়া মুসল্লি অংশগ্রহণ করেন।
শোক র্যালির নেতৃত্ব দেন দানবীর হাজী মোহাম্মদ মহসিন ইমামবাড়ী কার্যকর পর্ষদের সভাপতি এহতে শাম-উল আলম প্রতীক। মিছিলে অংশ নেওয়া মুসল্লিরা কারবালার প্রান্তরে শাহাদাতবরণকারী ইমাম হোসাইন (রা.)-এর স্মরণে মাতম ও শোক প্রকাশ করেন।
পুরো কর্মসূচিটি অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছিল।
উল্লেখ্য, ১০ মহররম মুসলিম বিশ্বে আশুরা দিবস হিসেবে পালিত হয়। এই দিনে কারবালার মর্মান্তিক ঘটনাকে স্মরণ করা হয়। বিশেষ করে শিয়া সম্প্রদায়ের কাছে এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ।






