স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরের মণিরামপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ব্যাটারিচালিত ভ্যানের চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রবিবার দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটে খুলনা-যশোর মহাসড়কের মণিরামপুর বাজার থেকে প্রায় এক কিলোমিটার সামনের কলেজ মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা মেট্রো-জ-১১-১৩১৪ নম্বরের একটি বাস মণিরামপুর থেকে যশোরের দিকে যাচ্ছিল। বাসটি কলেজ মোড় এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্যাটারিচালিত ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক নাজমুল (৪০) এবং ভ্যানযাত্রী রতন (২৭) নিহত হন। নিহত নাজমুল মণিরামপুর উপজেলার জয়পুর গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে। নিহত রতন গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার আব্দুল্লাহপাড়া গ্রামের রাজনের ছেলে।
এই দুর্ঘটনায় আরও তিনজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে পাঠিয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্নিত হলেও বর্তমানে তা স্বাভাবিক রয়েছে।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।







