সৌদি আরবে ৪৪ বাংলাদেশি হাজির মৃত্যু, দেশে ফিরেছেন ৭৬ হাজারের বেশি

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

চলতি বছর হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এ পর্যন্ত ৪৪ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। অন্যদিকে, হজ শেষে দেশে ফিরেছেন ৭৬ হাজার ৭৬৮ জন হাজি। ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের পবিত্র হজ প্রতিদিনের বুলেটিন থেকে আজ মঙ্গলবার সকালে এই তথ্য জানা গেছে। দুদিন পরেই শেষ হচ্ছে ফিরতি হজ ফ্লাইট।

বুলেটিনের তথ্য অনুযায়ী, মৃত ৪৪ জন বাংলাদেশির মধ্যে পুরুষ ৩৩ জন এবং নারী ১১ জন। তাদের মধ্যে ২৬ জন মক্কায়, ১৪ জন মদিনায়, ৩ জন জেদ্দায় এবং ১ জন আরাফায় মৃত্যুবরণ করেছেন।

গত ৫ জুন সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয় এবং ফিরতি ফ্লাইট শুরু হয় ১০ জুন থেকে। এখন পর্যন্ত মোট ২০০টি ফ্লাইটে ৭৬ হাজার ৭৬৮ জন হাজি দেশে ফিরেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার ৫ হাজার ৮৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার ৬৫ হাজার ৯৯৩ জন হাজি রয়েছেন।

গতকাল সোমবার মধ্যরাত পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৯৮টি ফ্লাইটে ৩৪ হাজার ৮ জন, সৌদি এয়ারলাইন্সের ৭৪টি ফ্লাইটে ২৬ হাজার ৬৮৩ জন, ফ্লাইনাস এয়ারলাইন্সের ২৮টি ফ্লাইটে ১০ হাজার ৩৮৮ জন এবং অন্যান্য এয়ারলাইন্সে ৫ হাজার ৬৮৯ জন হাজি দেশে ফিরেছেন। ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ১০ জুলাই।

এ বছর মোট ৮৭ হাজার ১৫৭ জন বাংলাদেশি হজযাত্রী (ব্যবস্থাপনা সদস্যসহ) সৌদি আরবে গিয়েছিলেন। তিনটি এয়ারলাইন্সের মোট ২২৪টি ফ্লাইটে তারা সৌদি আরব পৌঁছান। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০৮টি ফ্লাইটে ৪২ হাজার ৪০৪ জন, সৌদি এয়ারলাইন্সের ৮৩টি ফ্লাইটে ৩১ হাজার ৬৭৬ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ৩৩টি ফ্লাইটে ১৩ হাজার ৭৭ জন বাংলাদেশি হজযাত্রী ছিলেন। হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শুরু হয়েছিল ২৯ এপ্রিল এবং শেষ হয় ৩১ মে।

বর্তমানে সৌদি আরবের স্থানীয় হাসপাতালগুলোতে ১৪ জন বাংলাদেশি হজযাত্রী ভর্তি আছেন। এছাড়া, বাংলাদেশ হজ অফিস সূত্রে জানা গেছে, ৩২৫ জন হজযাত্রী সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেছেন।