স্বাধীন কন্ঠ ডেস্ক
দেশ সেরা বিশিষ্ট কনস্ট্রাকশন ব্যবসায়ী যশোরের হাসান ইন্টারন্যাশনালের কর্ণধার হাসান আলী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার সকাল ৬ টায় ঢাকা এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাসান আলী বিভিন্ন সমাজিক কাজে যুক্ত ছিলেন। সমাজসেবক হিসেবেও তার পরিচিতি রয়েছে। আসর বাদ ঈদগাহ্ ময়দানে তার নামাজে জানাজা শেষে কারবালা কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। যশোরের হাসান ইন্টারন্যাশনালের কর্ণধার হাসান আলীকে শ্রদ্ধা ও ভালোবাসায় বিদায় জানায় যশোরবাসী। জানাজায় সর্বস্তরের মানুষ অংশ নেন।মৃত্যুকালে হাসান আলীর বয়স হয়েছিল ৮৮ বছর। ৬ পুত্র ২ কন্যাসহ তার অসংখ্য আত্মীয় ও গুণগ্রাহী রয়েছে।
রোববার মরদেহ যশোর শহরের পোস্ট অফিসপাড়ার বাসভবনে আনা হলে শতশত মানুষ তাকে শেষবারের মতো দেখতে ভিড় করেন। স্বজনরা চোখের জলে প্রিয় মানুষকে বিদায় জানান। বিকেলে মরদেহ নেওয়া হয় ঈদগাহ ময়দানে।
জানাজার আগে বক্তব্য রাখেন যশোরের জেলা প্রশাসক মো. আজহারুল ইসলাম ও মাওলানা নাসিরুল্লাহ। পরে হাসান আলীর বড় ছেলে মোস্তাফিজুর রহমান সেলিম তার বাবার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। জানাজার নামাজ পরিচালনা করেন হাসান আলীর নাতী রাফিদ হাসান।
জানাজায় আরও উপস্থিত ছিলেন, বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান, সাবেক এমপি মফিকুল ইসলাম তৃপ্তি, বিএনপি নেতা অ্যাডভোকেট মো. ইসহক, গোলাম রেজা দুলু, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁন, যশোর চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক তানভিরুল ইসলাম সোহান, বিএনপি নেতা হাজী আনিসুর রহমান মুকুল, জাগপার প্রেসিডিয়াম সদস্য নিজামউদ্দিন অমিত, ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোকসিমুল বারী অপু, ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাজিবুল আলম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশিদ প্রমুখ। পরে কারবালা কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।







