বিএনপি নেতা ফজলুর রহমান ফ্যাসিবাদের দালালি করছেন: সারজিস

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, সিনিয়র রাজনীতিবিদদের আমরা সম্মান করতে চাই। কিন্তু বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান ইনিয়ে-বিনিয়ে ফ্যাসিবাদের দালালি করছেন। সম্প্রতি তিনি একটি অনুষ্ঠানে নাহিদ ইসলামসহ এনসিপি’র কেন্দ্রীয় নেতাদের নিজের ফ্রেমিংয়ে ফেলে ‘বেজন্মা’ বলে গালি দিয়েছেন। এই আওয়ামী লীগার ও মুজিববাদী এখন বিএনপি’র ন্যারেটর অ্যান্ড ওরেটর।

সোমবার (১১ আগস্ট) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সারজিস লিখেন, ‘পলিটিক্সের ন্যূনতম আদবের তোয়াক্কা করছেন না ফজলুর রহমান। অভ্যুত্থানকে মেনে নিতে না পারা ও আওয়ামী এজেন্ডা বাস্তবায়নকারীদের বিরুদ্ধে ছাত্র-জনতার ক্ষোভের বহিঃপ্রকাশের দায় তাদেরকেই নিতে হবে।’

তিনি অভিযোগ করেন, ‘ফজলুর রহমানের মতো বিএনপি নেতা গত কয়েক মাস গণহত্যাকারী আওয়ামী লীগের হয়ে মাঠে সরব রয়েছেন। যে ভাষা ও বয়ানে তিনি বিএনপির প্রতিনিধিত্ব করছেন, সে ভাষা ও বয়ান পুরাপুরি খুনি লীগের এবং তার বয়ান খুনি লীগের মিডিয়া সেলগুলোই হরদম প্রচার করে যাচ্ছে।’

সারজিস লিখেন, ‘পাল থেকে ছুটে যাওয়া লাগাম ছাড়া কয়েকজনের জন্য বিএনপি বারবার নিজেদেরকে প্রশ্নবিদ্ধ হতে দেখতে চায় কী না সে সিদ্ধান্ত দলটিকেই নিতে হবে।’

তিনি আরও লিখেন, ‘এসব নেতাদের  বিরুদ্ধে যদি আপনারা ব্যবস্থা না নেন, তাহলে দেশের মানুষ মনে করবে তাদেরকে দিয়ে আপনারাই এই কথাগুলো বলাচ্ছেন।’