ঢাকায় চাকরির প্রলোভনে ভারতে পাচার, পতিতালয়ে বিক্রি: আটক ১

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক
ভালো বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে ভারতে পাচার ও পতিতালয়ে বিক্রির অভিযোগে এক মানব পাচারকারীকে গ্রেপ্তার করেছে যশোর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেপ্তারকৃত আসামির নাম বিল্লাল হোসেন (২৮)। তিনি জেলার অভয়নগর থানার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, অভয়নগর থানার দিঘীরপাড় এলাকার এক নারীর স্বামী বাকপ্রতিবন্ধী হওয়ায় তিনি চাকরির সন্ধান করছিলেন। এই সুযোগ কাজে লাগিয়ে বিল্লাল তাকে ঢাকায় একটি ভালো গার্মেন্টসে চাকরির আশ্বাস দেন। গত বছরের ২৯ সেপ্টেম্বর বিল্লাল তাকে ঢাকায় নেওয়ার কথা বলে কৌশলে অবৈধ পথে ভারতে পাচার করেন।

ঘটনার প্রায় ছয় মাস পর গত ১২ মার্চ তারিখে ঔই নারী একটি ভারতীয় নম্বর থেকে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে জানান, বিল্লাল তাকে ভারতের বেঙ্গালুরুতে নিয়ে মরিয়ম খাতুন ও মফিজ নামে দুজনের কাছে বিক্রি করে দিয়েছেন। সেখানে তাকে জোরপূর্বক পতিতাবৃত্তিতে বাধ্য করা হচ্ছে।

এই ঘটনায় ভুক্তভুগীর মামা বাদী হয়ে অভয়নগর থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা দায়ের করেন। পিবিআই যশোর মামলার তদন্তভার গ্রহণ করে।

শুক্রবার (১৫ আগস্ট) রাত আড়াইটার দিকে অভয়নগরের নওয়াপাড়া বাজার এলাকা থেকে মানব পাচারকারী বিল্লালকে গ্রেপ্তার করে পিবিআই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিল্লাল পাচারের কথা স্বীকার করেছেন। শনিবার সকালে বিল্লালকে আদালতে হাজির করা হলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

পিবিআই যশোরের পুলিশ সুপার রেশমা শারমিন জানান, মানব পাচারকারী চক্রের অন্য সদস্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। একইসঙ্গে পাচার হওয়া নারীকে নিরাপদে দেশে ফিরিয়ে আনার জন্য আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।