স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর উপশহর এলাকার রাস্তা ও ড্রেনেজ সমস্যার স্থায়ী সমাধানের দাবী জানিয়েছেন ই ব্লকবাসী। এ দাবীতে সোমবার সকালে প্রেসক্লাব যশোরের সামনে মানববন্ধন করাসহ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছেন তারা।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, উপশহর এলাকার রাস্তার দীর্ঘদিন যাবৎ বেহাল অবস্থা। ড্রেনেজ ব্যবস্থার মারাত্মক সমস্যার কারনে এলাকাবাসীর চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। ইতিপূর্বে জাতীয় গূহায়ন কর্তৃপক্ষের ধার্যকৃত অংশ সম্পূর্ণ না করে কাজ শেষ করা হয় ।
পরবর্তীতে ওই ড্রেনে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে বৃহদাকার ধারণ করে এলাকায় চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে। বর্ষার মৌসুমে সামান্য বৃষ্টিতে রাস্তায় কাদা ও পানিতে পরিপূর্ণ হয়ে যায়। যার ফলে চলাচলের অনুপযুক্ত হয়ে পড়ে। ড্রেনের মাঝে কালভার্ট তৈরি করে প্রতিবন্ধকতা তৈরি করেছে কয়েকটি প্লাস্টিক ও সার কারখানা। কারখানার বর্জ্য ড্রেনে ফেলে ভরাট করে ফেলছে। এতে করে পানি চলাচলে বাধাগ্রস্ত হচ্ছে। অনেক স্থানে ড্রেনেজ ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙ্গে পড়েছে। নোংরা – আবর্জনায় ড্রেন বন্ধ হয়ে যাওয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
ফলে বাসিন্দারা একদিকে যেমন স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন অন্যদিকে শিশু বৃদ্ধরা প্রতিদিন দুর্ঘটনার শিকার হচ্ছেন এছাড়া ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাচ্ছে। এলাকার মুসল্লী গণের মসজিদে যাতায়াত করতে সমস্যা হচ্ছে। ড্রেনের অতিরিক্ত পানি বাড়ির ভিতরে ঢুকে পড়ায় দুর্গন্ধ বের হওয়ায় বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে।
এসময় উপস্থিত ছিলেন, উপশহর ই ব্লক এলাকার বাসিন্দা রকিব মোস্তফা, আবুল কালামসহ এলাকাবাসি।







