নীলফামারীতে শ্রমিক হত্যার প্রতিবাদে যশোরে বিক্ষোভ ও সমাবেশ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

নীলফামারীর উত্তরা ইপিজেডে শ্রমিক হত্যার প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যায় যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শহরের ধর্মতলার মোড়ে নয়াগণতান্ত্রিক গণমোর্চা ও জাতীয় মুক্তি কাউন্সিলের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা অংশ নেন।

​সমাবেশের সভাপতিত্ব করেন জাহিদুল ইসলাম। এতে বক্তব্য রাখেন কমরেড খবির শিকদার, মোহাম্মদ ইয়াসিন আরাফাত, মো. রফিকুল ইসলাম, মিলন বিশ্বাস, জামশেদ আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

​বক্তারা সরকারের শ্রমিকবিরোধী ও গণবিরোধী নীতির কঠোর সমালোচনা করে বলেন, শ্রমিকদের ন্যায্য আন্দোলনে গুলি চালিয়ে হাবিবুর রহমানকে হত্যা করা হয়েছে, যা রাষ্ট্রীয় সন্ত্রাসের এক জঘন্য দৃষ্টান্ত। তারা আরও বলেন, জুলাই মাসের গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার জনগণের সেই চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে।

​সমাবেশ থেকে শ্রমিক হত্যার বিচার, আহত শ্রমিকদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা, ছাঁটাই-নোটিশ বাতিল এবং শ্রমিক আন্দোলনের ওপর দমননীতি বন্ধের দাবি জানানো হয়। বক্তারা শ্রমিক–জনগণকে ঐক্যবদ্ধ হয়ে সরকারের এই গণবিরোধী শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।