স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের মহাজ্জেরপাড়া এলাকায় মাটি খুঁড়ে একটি নাইন এমএম পিস্তল এবং একটি খালি ম্যাগাজিন উদ্ধার করেছে অভয়নগর আর্মি ক্যাম্প ও অভয়নগর থানা পুলিশের একটি যৌথ দল। তবে এই ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার উড়োতলা বারোয়াতলা গ্রামের আজিজুর রহমানের বাড়ির পেছনের একটি পরিত্যক্ত জায়গা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।
অভয়নগর আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন আকিবের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। গোপন সূত্রে খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দলটি ওই স্থানে তল্লাশি চালায়। এ সময় মাটির নিচে লুকানো অবস্থায় অস্ত্র ও ম্যাগাজিনটি পাওয়া যায়।
সেনাবাহিনীর সূত্র জানায়, উদ্ধারকৃত অস্ত্রের সঙ্গে কারো কোনো সম্পৃক্ততা আছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
সকল কার্যক্রম শেষে অস্ত্রটি অভয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে। অভয়নগর থানার সাব-ইন্সপেক্টর গোলাম রসুল জানান, যৌথ বাহিনীর এই অভিযানে পরিত্যক্ত অবস্থায় পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। তবে কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান আছে।







