যশোর বিমানবন্দরে নিলামে অনিয়মের অভিযোগ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর বিমানবন্দরে অকেজো মালামাল নিলামে বিক্রির ক্ষেত্রে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ মতে, সর্বোচ্চ দরদাতাকে কাজ না দিয়ে নিয়ম লঙ্ঘন করে চতুর্থ দরদাতাকে কার্যাদেশ দেওয়া হয়েছে। এতে সরকার বড় অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে।
সর্বোচ্চ দরদাতা প্রতিষ্ঠান এম.আর ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মাহাবুব আলম এ বিষয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিএএবি) চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৩০ জুলাই একটি জাতীয় দৈনিকে যশোর বিমানবন্দরের অকেজো ইট, বালু ও পাথরের বর্জ্য পদার্থ নিলামে বিক্রির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ১৮ আগস্ট অনুষ্ঠিত নিলামে ৬টি প্রতিষ্ঠান অংশ নেয়। এর মধ্যে এম.আর ইন্টারন্যাশনাল ১২ লাখ ৭৫ হাজার টাকা দর দিয়ে সর্বোচ্চ দরদাতা হয়।
অথচ, চতুর্থ দরদাতা ঢাকার মেসার্স আরাফ ট্রেডিং-কে কৌশলে দর বাড়িয়ে কাজ দেওয়া হয়েছে। নিলামে মেসার্স আরাফ ট্রেডিং-এর প্রাথমিক দর ছিল ১০ লাখ টাকা। পরে, পে-অর্ডারের মাধ্যমে আরও ২০ হাজার টাকা যোগ করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ঠিকাদার এটিকে সম্পূর্ণ বেআইনি ও অবৈধ বলে মন্তব্য করেছেন।
মাহাবুব আলম অভিযোগ করেন, কর্মকর্তারা মেসার্স আরাফ ট্রেডিংকে অবৈধভাবে কার্যাদেশ দিয়েছেন এবং তাদের সহযোগিতায় ছুটির দিন ও রাতের আঁধারেও অতিরিক্ত মালামাল সরিয়ে নেওয়া হচ্ছে। এতে সরকার ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, এ বিষয়ে অভিযোগ না করার জন্য যশোর বিমানবন্দরের ব্যবস্থাপক সাইদুর রহমান এবং প্রকৌশলী এনামুল কবির তাকে হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছেন।
এ ব্যাপারে জানতে চাইলে যশোর বিমানবন্দরের ব্যবস্থাপক সাইদুর রহমান সাংবাদিকদের কাছে
কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, এ বিষয়ে সদর দপ্তর সিদ্ধান্ত নিয়েছে এবং তার কোনো সম্পৃক্ততা নেই। তিনি সদর দপ্তরের পাবলিক রিলেশন অফিসারের সাথে যোগাযোগ করার পরামর্শ দেন।