চৌগাছায় পীর বলুহ দেওয়ানের মেলায়  মাদকসেবী ও জুয়াড়ি আটক

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

যশোরের চৌগাছায় শতবর্ষী ঐতিহ্যবাহী হাজরাখানা পীর বলুহ দেওয়ানের মেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে চার মাদকসেবী ও একজন জুয়াড়িকে আটক করা হয়েছে।

গতকাল শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেনের নেতৃত্বে এসআই মেহেদী হাসান মারুপ ও এসআই উত্তম কুমার মণ্ডলসহ পুলিশের একটি দল এই অভিযান পরিচালনা করে।

আটককৃতরা হলেন—উপজেলার বিরবেরগোবিন্দপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে আজিম হোসেন (১৯), লস্কারপুর গ্রামের আবু বক্কারের ছেলে ইসরাফিল (৫৮), ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা গ্রামের আশিক (২০), কালুহদা গ্রামের শরিফুল ইসলামের ছেলে রাশেদুল ইসলাম (১৮) এবং ইছাপুর গ্রামের হাসেম আলীর ছেলে ইয়াসিন (২৫)।

অভিযান চলাকালে ভূমি সহকারী কমিশনার তাসমিন জাহান একটি মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্টের মাধ্যমে আটক পাঁচজনকেই বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় ওসি আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

মেলা প্রাঙ্গণের নিরাপত্তা নিশ্চিত করতে শুরু থেকেই আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে। মেলা ও এর আশেপাশের এলাকায় পুলিশের কড়া নজরদারি অব্যাহত আছে। প্রতিদিন হাজারো মানুষের সমাগম ঘটলেও যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে বিষয়ে পুলিশ বিশেষ নজর রাখছে।

উল্লেখ্য, আবহমানকাল ধরে এই মেলা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এটি স্থানীয় সাংস্কৃতিক ঐতিহ্য ও সামাজিক মিলনমেলার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। স্থানীয়দের প্রত্যাশা, ওসি আনোয়ার হোসেনের কঠোর নেতৃত্বে মেলার সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ বজায় থাকবে।