স্বাধীন কন্ঠ ডেস্ক
প্রথমবারের মতো ঢাকায় এসেছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। তাঁর এই সফর ঘিরে বাংলাদেশি ভক্তদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। গত বৃহস্পতিবার ঢাকায় পা রেখেই বাংলাদেশে আসার খবর সামাজিক মাধ্যমে জানিয়ে দেন তিনি। বাংলাদেশি ভক্তদের ভালোবাসার জন্য ধন্যবাদ জানান এ অভিনেত্রী।
শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলাদেশ নিয়ে আবেগী বার্তা দেন হানিয়া। একটি ছবি আপলোড করে ক্যাপশনে বাংলায় লেখেন, ‘আসসালামু আলাইকুম, বাংলাদেশ কেমন আছো?’ ওই দিন সকালে হানিয়া ঢাকার ঐতিহ্যবাহী আহসান মঞ্জিল ঘুরতে যান। সেখানে তিনি নাগা মরিচ দিয়ে ফুচকা-ঝালমুড়ি খেয়েছেন এবং মাটির ভাঁড়ে দুধ চা পান করেন। এরই মধ্যে হানিয়ার ঢাকায় কাটানো কিছু ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এসব ছবি তিনি ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজে শেয়ার করেছেন। এ সময় তাঁর পরনে ছিল প্রিন্টেড ফ্লোরটাচ স্কাই ব্লু গাউন।
এ সফরে হানিয়ার সঙ্গে ছিলেন কনটেন্ট ক্রিয়েটর ও ফুড ভ্লগার ইফতেখার রাফসান। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, তারা দুজন একসঙ্গে রিকশায় ঘুরে বেড়াচ্ছেন এবং গল্প করছেন। আহসান মঞ্জিলের সিঁড়িতে দাঁড়িয়ে হানিয়া বেশ কিছু ছবি তোলেন। সঙ্গে ছিলেন তাঁর টিম, আয়োজক পক্ষ এবং অন্য ইনফ্লুয়েন্সাররা। এ ছাড়া হানিয়া চিত্রনায়ক নাঈম ও শাবনাজের বড় মেয়ে নামিরা নাঈমের সঙ্গেও আড্ডা দেন। নামিরার পরিচয় জেনে হানিয়া বেশ আনন্দিত হন। গতকাল সারাদিন ঢাকায় ঘোরাঘুরি করে সন্ধ্যায় পাঁচতারকা হোটেলে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে অতিথি ছিলেন হানিয়া। এই আয়োজনে দেশের ভক্তদের সঙ্গে দেখা করেন। ‘গেট রেডি উইথ মি’ ভিডিও বানিয়েই হানিয়া আমিরের সঙ্গে সরাসরি দেখা করার সুযোগ পেয়েছে ভক্তরা।
এই আয়োজন ছাড়াও আজ সানসিল্ক আয়োজিত এক্সক্লুসিভ ফটোশুটে অংশ নেবেন হানিয়া আমির। এরপর পাকিস্তানে ফিরে যাবেন বলে জানিয়েছে আয়োজকরা। পাকিস্তানের গণ্ডি পেরিয়ে বাংলাদেশ ও ভারতেও ব্যাপক জনপ্রিয় এই অভিনেত্রী ও মডেল।
অভিনয় থেকে স্টাইল– সবখানেই তাঁকে নিয়ে অনুরাগীদের উন্মাদনা দেখা যায়। ২০১৬ সালে ‘জনান’ চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় হানিয়ার। এক দশকে রোমান্টিক থেকে কমেডি, গ্ল্যামারাস থেকে চরিত্রাভিনয়– সব ধরনের চরিত্রেই প্রশংসা কুড়িয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি গানও গেয়েছেন। পাকিস্তানের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন হানিয়া আমির।
২৮ বছর বয়সী এ অভিনেত্রীর ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যা ১ কোটি ৩৫ লাখের বেশি।







