স্বাধীন কন্ঠ ডেস্ক
আসন্ন শারদীয় দুর্গা উৎসবে যশোরের আইনশৃংখলা পরিস্থতি স্বাভাবিক রাখতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জেলা পুলিশ। জেলায় ৭০৬টি পূজা মন্ডপকে ৪টি সেক্টরে ভাগ করে দেয়া হবে নিরাপত্তা। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে জেলা পুলিশ সুপারের কার্যলয়ে সংবাদ সম্মেলনে এতথ্য জানান পুলিশ সুপার রনওক জাহান।
তিনি বলেন, শারদীয় দুর্গা উৎসব যাতে নির্বিঘ্নে পালিত হয় সেজন্য সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হয়েছে। পূজা শুরুর আগের রাত থেকে জেলায় ৯টি স্ট্রাইকিং ফোর্স, ৯টি সতন্ত্র টিম, ৪০টি মোবাইল টিম ও ১৭২টি মোবাইল টিম সক্রিয়ভাবে কাজ করবে। এছাড়াও সকল পূজা মন্ডপের কমিটির সদস্যদের নিয়ে পুলিশের বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপ চালু করা হয়েছে। পুলিশের পাশাপাশি মাঠে থাকবে যৌথ বাহিনী।
পুলিশ সুপার আরও বলেন, দুর্গা উৎসব উপলক্ষে ইতিমধ্যে জেলা পূজা উদযাপন পরিষদসহ সনাতন ধর্মাবলম্বীদের সাথে কয়েকদফা আলোচনা করা হয়েছে। প্রতিটি মন্ডপে পূজা পরিষদের নিজস্ব স্বেচ্ছাসেবী ও সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রুখবে পুলিশের বিশেষ টিম কাজ করছে বলে জানিয়েছেন তিনি।
এসময় বিগত সময়ে সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলার প্রসঙ্গে পুলিশ সুপার বলেন, শারদীয় দুর্গা উৎসবকে কেন্দ্র করে যাতে কোন বিশেষ মহল সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির সুযোগ না পায়, সেজন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। একইসাথে যেসব মন্দিরে লোকসমাগম বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেগুলোর প্রতি বিশেষ নজরদারি থাকবে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) আবুল বাসার, জেলা গোয়েন্দা পুলিশের ওসি মঞ্জুরুল হক ভূইয়া, ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মাহফুজুর রহমান প্রমুখ।







