স্বাধীন কন্ঠ ডেস্ক
ওজনে কম দেওয়া ও প্রতারণামূলক কার্যক্রমের দায়ে যশোরে দুটি প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সদর উপজেলার এম কে রোড ও ভাতুড়িয়া বাজার এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালনা করে এই জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযান পরিচালনাকালে এম কে রোডে অবস্থিত ‘টেষ্টি ট্রিট কনফেকশনারী’-তে গুরুতর অনিয়ম পাওয়া যায়। প্রতিষ্ঠানটিতে ‘প্রাণ পটাটো স্পাইসি বিস্কুট’-এর প্যাকেটে ১৬ প্যাকেট বিস্কুট থাকার কথা থাকলেও ভেতরে পাওয়া যায় ১৫ প্যাকেট। এছাড়াও প্যাকেটে ১৯২ গ্রাম ওজন থাকার স্থলে পাওয়া যায় মাত্র ১৭৯ গ্রাম। ভোক্তা অধিকার বিরোধী এই প্রতারণামূলক কার্যক্রমের জন্য ‘টেষ্টি ট্রিট কনফেকশনারী’কে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৪৫ অনুযায়ী পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া, অপর একটি প্রতিষ্ঠান ‘নিউ বাঁধন ফুড’-কে একই আইনের ধারা ৩৭ মোতাবেক পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ সেলিমুজ্জামান এই অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে জেলা পুলিশের একটি টিম ও ক্যাব সদস্য, যশোর জেলা শাখার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
জনস্বার্থে এ ধরনের তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে বলে অধিদপ্তর থেকে জানানো হয়েছে।







