স্বাধীন কন্ঠ ডেস্ক
পাহাড়ে চলমান সহিংসতা, ধর্ষণ এবং অগ্নিসংযোগের মতো বর্বরোচিত ঘটনার প্রতিবাদে আজ বিকেলে প্রেসক্লাব যশোরের সামনে বাম গণতান্ত্রিক জোট এক প্রতিবাদ সমাবেশ করেছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকাল ৫টায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা সাধারণ সম্পাদক কমরেড আবু হাসানের সভাপতিত্বে এবং বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক ও কেন্দ্রীয় নেতা তসলিম উর রহমানের সঞ্চালনায় এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা পাহাড়ে আদিবাসী জনগণের ওপর চলমান অত্যাচার, নারী নির্যাতন ও ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা জানান। তারা অবিলম্বে এসব সহিংসতা বন্ধ করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা কমরেড জিল্লুর রহমান ভিটু, সিপিবির জেলা সহ-সাধারণ সম্পাদক কমরেড আমিনুর রহমান হিরু, বাসদের জেলা নেতা কমরেড আলাউদ্দিন, সাংস্কৃতিক সংগঠক নওরোজ আলম খান চপল, রিয়াদুল রহমান, জুলাই অভ্যুত্থানের ছাত্র নেতা রাশেদ খান প্রমুখ।







