স্বাধীন কন্ঠ ডেস্ক
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামোর ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী নাসরিন সুলতানা মহেশপুরে মহিলা দলের কর্মীদের নিয়ে এক উঠান বৈঠক করেছেন।
বৃহস্পতিবার বেলা ১১টায় মহেশপুর পাইলট বালিকা বিদ্যালয় মাঠে এই বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপি’র মহেশপুর উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক নারগিস সুলতানা দিপা, মহিলা বিষয়ক সম্পাদক নিলুফা ইয়াসমিন, সদস্য সাহেরা খাতুন, খাদিজা খাতুন প্রমুখ। বৈঠক শেষে উপজেলা শহরের বিভিন্ন স্থানে দলের কেন্দ্র ঘোষিত ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ করা হয়।
এ সময় বিএনপি নেত্রী নাসরিন সুলতানা মহেশপুর – কোটচাঁদপুর অঞ্চলের জন্য তাঁর শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামোগত উন্নয়নের সুস্পষ্ট পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, দল থেকে মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হলে তিনি এই এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান ও প্রযুক্তি নির্ভর শিক্ষার প্রসার ঘটানোর ব্যবস্থা করবেন। কৃষকদের জন্য আধুনিক কৃষি প্রযুক্তি ও বাজার ব্যবস্থার উন্নয়ন করা হবে।
তিনি আরও উল্লেখ করেন, মহেশপুর – কোটচাঁদপুরে ক্ষুদ্র ও মাঝারি শিল্প গড়ে তুলে কর্মসংস্থান সৃষ্টি করা হবে। সীমান্তবর্তী জনগোষ্ঠীর নিরাপত্তা ও জীবনমান উন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। মহেশপুরে অবস্থিত দত্তনগর কৃষি ফার্ম ও কোটচাঁদপুরে অবস্থিত বলুহর মৎস্য প্রজেক্টকে বিশেষ মর্যাদা ও গবেষণা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে। গ্রামীণ সড়ক ও স্বাস্থ্য সেবার ক্ষেত্রে বিশেষ নজর দেওয়া হবে এবং তরুণ প্রজন্মকে গঠনমূলক রাজনীতিতে সম্পৃক্ত করার মাধ্যমে একটি আধুনিক ও উন্নত এলাকা গড়ে তোলা হবে।
নাসরিন সুলতানা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাকে ধানের শীষের মনোনয়ন দেবেন, আমরা সকলেই তার পক্ষে কাজ করব। জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বিএনপি কাজ করবে এবং সরকার গঠনের পর সুষম উন্নয়ন পরিকল্পনা ও তারেক রহমান ঘোষিত ৩১ দফার আলোকে নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে। তিনি তরুণ প্রজন্মকে বিএনপির আগামী দিনের ভবিষ্যৎ উল্লেখ করে তাদের শক্তি দেশ ও জনগণের কল্যাণে কাজে লাগাতে বিএনপি বদ্ধ পরিকর বলে জানান। তাই তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।







