পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় নারীর গুরুত্ব বাড়াতে কন্যাশিশু দিবস : যশোরের ডিসি

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক
‘আমি কন্যাশিশু-স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি’—এই প্রতিপাদ্য স্লোগানে যশোরে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন করা হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। পরে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সভা কক্ষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম কন্যাশিশুদের গুরুত্ব এবং সমাজে তাদের মর্যাদা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, আমরা যদি ইতিহাসের একেবারে পিছনের দিকে যাই, দেখব আমাদের এই মেয়েরা, বোনেরা গুরুত্বহীন ছিল। পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় এই গুরুত্ব বাড়ানোর জন্যই এই দিবস। তিনি জোর দিয়ে বলেন, নারীরা সমাজের গুরুত্বপূর্ণ অংশ।

তিনি স্বীকার করেন, সমাজে নারীদের নিরাপত্তাহীন করেছে পুরুষরা। এই দিবসটির মাধ্যমে নারীদের প্রতি মানবিক মমতাবোধ জাগ্রত করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, পবিত্র কুরআনে নারীদের যে অধিকার ও মর্যাদা দেওয়া হয়েছে, সেটা পুরোপুরি বাস্তবায়ন হলে নারীরা মর্যাদা পেত। তিনি আইয়ামে জাহিলিয়াতের যুগে নারীদের ওপর অমানবিক নির্যাতন ও হত্যার কথা উল্লেখ করে বলেন, ইসলাম আসার পর নারীদের মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়।

জেলা প্রশাসক বলেন, আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। তিনি পরিবারে কন্যা সন্তান থাকার উপকারিতার কথা তুলে ধরেন। তাঁর মতে, কন্যা শিশু দিবস শুধু মেয়েদের জন্য নয়, আমাদের সবার শিক্ষণীয় হওয়া উচিত।

আজাহারুল ইসলাম শিক্ষা ব্যবস্থার যৌক্তিকীকরণের ওপর গুরুত্বারোপ করে বলেন, “আমাদের শিক্ষা ব্যবস্থা যৌক্তিক করতে হবে। যেখানে মানবিক গুণাবলি সম্পন্ন মানুষ তৈরি হবে।”

তিনি মনে করেন, একদিনে সমাজের পরিবর্তন আসবে না। তিনি বলেন, “আইন কানুন দিয়ে সমাজের পরিবর্তন সম্ভব না। অনুকরণ ও অনুসরণ দিয়ে সমাজের পরিবর্তন আনতে হবে।”

আলোচনা সভায় জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিকের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা ইতি রাণী সেন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, এনসিপির প্রতিনিধি সালমা আক্তার আশা, জুলাই যোদ্ধা রাকিবুল ইসলাম। কন্যা শিশু দিবসে নিজেদের অনুভূতি ব্যক্ত করে বক্তব্য দেয় সামিয়া আক্তার ও মুক্তা খাতুন।