স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শহরের পুরাতন কসবা কাজীপাড়া এলাকায় ‘রাশেদ কোচিং কেয়ারে’র উদ্যোগে এই মনোজ্ঞ সমাবেশটি করা হয়।
অনুষ্ঠানে দ্বিতীয় থেকে সপ্তম শ্রেণির মোট ১৭ জন কৃতি শিক্ষার্থীকে তাদের শিক্ষাক্ষেত্রে সেরা ফলাফলের জন্য সংবর্ধনা প্রদান করা হয়। একই সাথে, শিক্ষার প্রতি মায়েদের ভূমিকা এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শতাধিক মায়েদের উপস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ মা সমাবেশও অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শামীমা আক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিটন অ্যাঞ্জেল ইনস্টিটিউট যশোরের প্রধান শিক্ষক ইকবাল কবির খান, স্বপ্নচারী আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক ইমরান হোসেন এবং রাশেদ কোচিং কেয়ারের পরিচালক রাশেদ হাসান প্রমুখ।
শিক্ষার্থীদের অনুপ্রেরণা ও অভিভাবকদের সচেতন করার এই ব্যতিক্রমী অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন স্বপ্নচারী কোচিং-এর প্রাক্তন শিক্ষক শফিকুল ইসলাম ও রাশেদ কোচিং কেয়ারের শিক্ষক মেহেদি হাসান।
বক্তারা মেধাবী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং ভবিষ্যৎ প্রজন্মকে দেশ ও দশের সেবায় নিয়োজিত হওয়ার জন্য উৎসাহিত করেন। তারা শিক্ষার্থীদের সাফল্যে মায়েদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং তাদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান।







