যশোরে বিশ্ব মান দিবসে আলোচনা সভা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরে বিশ্ব মান দিবস উপলক্ষে ‘সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে মান’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে জেলা প্রশাসন ও বিএসটিআই যশোর যৌথভাবে এই সভার আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, সিভিল সার্জন ডা. মাসুদ রানা এবং যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মিজানুর রহমান খান। বিএসটিআই যশোরের উপ-পরিচালক প্রকৌশলী আসলাম শেখ এতে সভাপতিত্ব করেন।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম খাদ্যে ভেজাল এবং নিম্নমানের পণ্য সামগ্রী নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, আমরা এমন একটা ভেজালের রাজ্যে আছি। ব্রান্ডের বোতলে ভেজাল মবিল দেওয়া হয়। খাবার যত্রতত্র তৈরি হয়। যেখানে বিএসটিআই-এর অনুমোদন নেই।
তিনি আরও বলেন, আমরা বিএসটিআই এর সনদ কি করবো যদি প্রত্যেকটা খাবারের মান ভালো না থাকে! খাবারে ফুট কালার ব্যবহার করা হয়। টেস্টি সল্ট ব্যবহার করা হয়। অথচ তাদের কোনো কেমিস্ট নেই। এগুলো ক্যান্সার তৈরি করে।

সবজিতে বিষাক্ত রাসায়নিকের ব্যবহার নিয়ে জেলা প্রশাসক বলেন, আমরা বাজার থেকে সবজি কিনে খাই। সবজির নামে বিষ খাই। সবজি উৎপাদনকারী, বিক্রেতা, ক্রেতা সবাই রোগী হয়ে যাচ্ছে। বেশি লাভের জন্য আমরা খাবারে ভেজাল দিচ্ছি, প্রতারণা করছি। বাংলাদেশে শতভাগ ভেজালে পরিণত হয়েছে। আমরা সব সময় মানুষের ক্ষতি করার মনমানসিকতা নিয়ে চলি।

তিনি সৎ মানসিকতা নিয়ে ব্যবসা পরিচালনার ওপর জোর দিয়ে বলেন, বেশি কিছু প্রয়োজন নাই। সুন্দর মানসিকতা নিয়ে চললে ভালো হবে। অসুস্থ প্রতিযোগিতা বাদ দিয়ে সুস্থ প্রতিযোগিতা করার আহ্বান জানান তিনি। এছাড়া, ব্যবসাকে ‘ইবাদাত’ উল্লেখ করে সৎ নিয়তে ব্যবসা পরিচালনার তাগিদ দেন।