পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের কাউখালীতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে মো: আলী (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। রবিবার (১৯ অক্টোবর) রাতে গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মো: আলী কাউখালী উপজেলার শিয়ালকাঠী গ্রামের বান্দাঘাটা এলাকার হাকিম হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যা ৭টার দিকে শিয়ালকাঠি বান্দাকাটা গ্রামে ‘ডাকাত, ডাকাত’ বলে চিৎকার শুরু হয়। এ সময় স্থানীয়রা মো: আলীকে ডাকাত সন্দেহে আটক করে বেধড়ক মারপিট করে। পরে বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে তাকে গণপিটুনি দিয়ে গুরুতর আহত করে এবং হাত-পা বেঁধে ফেলে রাখে।
খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থল থেকে আলীকে উদ্ধার করে রাত ৯টার দিকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। রাত সাড়ে ১২টার দিকে খুলনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আলীর মৃত্যু হয়।
তবে নিহতের আত্মীয়স্বজন অভিযোগ করেছেন, আলীকে বাড়ি থেকে ডেকে এনে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান জানান, আলীর স্ত্রী সোনিয়া বাদী হয়ে কাউখালী থানায় একটি মামলা দায়ের করেছেন। এই মামলায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।







