স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ থেকে এক ভুয়া ‘ইন্টার্ন ডাক্তার’-কে আটক করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। আটককৃত নারীর নাম নীলা মল্লিক (২৫)। তিনি বাগেরহাট জেলার বাগেরহাট সদর উপজেলার কার্ত্তিকদিয়া গ্রামের জাহিদ মল্লিকের কন্যা।
হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) আনুমানিক সকাল ১০টা ৪৫ মিনিটে অ্যাপ্রন পরিহিত অবস্থায় নীলা মল্লিক হাসপাতালের জরুরি বিভাগে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন। নিজেকে ‘ইন্টার্ন ডাক্তার’ পরিচয় দিয়ে তিনি রোগী সেবায় সম্পৃক্ত হওয়ার চেষ্টা করলে হাসপাতালের কর্তব্যরত স্টাফদের সন্দেহ জাগে। তাৎক্ষণিকভাবে হাসপাতালের কর্মীরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে নীলা মল্লিক অসংলগ্ন ও বিভ্রান্তিকর তথ্য দিতে থাকেন। তিনি প্রথমে নিজেকে ইন্টার্ন ডাক্তার হিসেবে দাবি করলেও পরে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স হিসেবে পরিচয় দেন। তবে প্রাথমিক অনুসন্ধানে তার কোনো দাবিরই সত্যতা মেলেনি।
পরে হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্যরা ভুয়া চিকিৎসক পরিচয়দানকারী নীলা মল্লিককে হেফাজতে নেন। হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন।







