কৃষকদের বিনামূল্যে সার ও বীজ বিতরণ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

যশোর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে শীতকালীন শাকসবজি ও মাঠফসলের বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গত ২৮ অক্টোবর যশোর সদর উপজেলা পরিষদ হলরুমে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার। তিনি বলেন, “কৃষি আমাদের অর্থনীতির মূল ভিত্তি। দেশের খাদ্য নিরাপত্তা, পুষ্টি চাহিদা পূরণ ও কৃষকের জীবনমান উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের নিরাপদ ফসল উৎপাদনে মনোযোগী হতে হবে এবং যথাযথভাবে সার ও কীটনাশক ব্যবহার করতে হবে। এতে উৎপাদন খরচ কমবে, পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে।”

​সদর উপজেলা কৃষি অফিসার রাজিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনয়ারুল কবির নান্টু, কৃষি সম্প্রসারণ অফিসার জাহিদুর রহমান প্রমূখ।

​স্বাগত বক্তব্যে সদর উপজেলা কৃষি অফিসার রাজিয়া সুলতানা বলেন, সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩,৭৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে রবি মৌসুমে আগাম শীতকালীন শাকসবজি, বসতবাড়ি ও মাঠে চাষাবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই বীজ ও সার বিতরণ করা হয়।

​বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল সরিষা, গম, শীতকালীন পেঁয়াজ, মসুর, খেসারী ও অড়হর বীজ এবং রাসায়নিক সার। অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।