স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরের অভয়নগরে আলোচিত চাঁদাবাজির মামলায় নওয়াপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক (পদ স্থগিত) আসাদুজ্জামান জনি (৪০) এবং নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (সাময়িক বহিষ্কৃত) মফিজুর রহমান দপ্তরিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও, জনিকে একই দিনে আলোচিত কৃষকদল নেতা তরিকুল হত্যা মামলায় শ্যোন অ্যারেস্ট (আটক) দেখানো হয়েছে।
নওয়াপাড়ার জাফ্রিদী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শাহনেওয়াজ কবীর (টিপু)-কে বুক সমান বালুতে পুঁতে অস্ত্রের মুখে চার কোটি টাকা হাতিয়ে নেওয়ার চাঞ্চল্যকর ঘটনায় টিপুর স্ত্রী আসমা খাতুন বাদী হয়ে অভয়নগর থানায় একটি চাঁদাবাজির মামলা (৬ জনের নাম উল্লেখ করে) দায়ের করেছিলেন।
এই চাঁদাবাজির মামলার মূল আসামি এবং নওয়াপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক (পদ স্থগিত) আসাদুজ্জামান জনিকে যৌথবাহিনী খুলনার সোনাডাঙ্গা এলাকার রোজ গার্ডেন থেকে গ্রেপ্তার করে।
একই মামলার এজাহারভুক্ত অন্য আসামি নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (সাময়িক বহিষ্কৃত) মফিজ উদ্দীন দপ্তরি ওরফে মফিজ ২৯ অক্টোবর বুধবার যশোর আদালতে আত্মসমর্পণ করেন। বিজ্ঞ আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
বুধবার (২৯ অক্টোবর) আদালতে চাঁদাবাজির মামলায় আটক আসাদুজ্জামান জনিকে অভয়নগর উপজেলার আলোচিত কৃষকদল নেতা তরিকুল হত্যা মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়। আদালতের মাধ্যমে তাকে এই হত্যা মামলায় আটক দেখানো হয়েছে বলে জানা যায়।
বর্তমানে আসাদুজ্জামান জনি এবং মফিজুর রহমান দপ্তরি উভয়ই আদালত কর্তৃক নির্দেশিত হয়ে জেল হাজতে রয়েছেন।






