যশোরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরের মনিরামপুর উপজেলায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক কলেজ শিক্ষার্থী নিহত এবং অপর একজন গুরুতর আহত হয়েছেন। বুধবার  বিকেল ৪টা ৩০ মিনিটের দিকে উপজেলার জালঝারা চালকিডাঙ্গা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত মো. শফিউল্লাহ (১৯) ঝিকরগাছা উপজেলার বাকরা গ্রামের মাওলানা হাতেম আলীর ছেলে। আহত মো. নাইম (১৯) মনিরামপুর উপজেলার পাঁচপোতা গ্রামের নাসির উদ্দীনের পুত্র। তারা উভয়েই কলেজ শিক্ষার্থী।

জানা গেছে, শফিউল্লাহ ও নাইম একটি মোটরসাইকেলে করে ঝিকরগাছা থেকে মনিরামপুরের দিকে যাচ্ছিলেন। তারা হেলমেট পরিধান করেননি। পথিমধ্যে জালঝারা চালকিডাঙ্গা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের পরপরই স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে দ্রুত মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাদের আশঙ্কাজনক অবস্থায় যশোর সদর হাসপাতালে রেফার করেন। যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শফিউল্লাহকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত নাইম বর্তমানে হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।

মনিরামপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পরপরই ঘাতক বাসটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ বাস এবং এর চালককে শনাক্ত করে আটকের চেষ্টা চালাচ্ছে। সড়কে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোয় ঝুঁকির বিষয়টি আবারও স্পষ্ট হলো এই দুর্ঘটনায়।