যশোরে স্বর্ণের বারসহ পাচারকারী আটক, মূল্য সোয়া কোটি টাকা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

যশোর-নড়াইল মহাসড়কের দাইতলা ব্রিজ এলাকা থেকে বিপুল পরিমাণ স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় ১ কোটি ২৬ লাখ টাকা।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি টহল দল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে দাইতলা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে আবু বক্কর সিদ্দিক নামের ওই ব্যক্তিকে আটক করে। আটককৃত আবু বক্কর বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের রুহুল আমিনের ছেলে।

বিজিবি জানায়, আটককৃতের কাছ থেকে ৭৩৫ গ্রাম ওজনের ৬টি স্বর্ণের বার, ২টি মোবাইল ফোন ও নগদ ৯ হাজার ৮৭ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২৬ লাখ ৮ হাজার ৯২৫ টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, রুহুলের প্যান্টের পকেটের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় স্বর্ণের বারগুলো পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু বক্কর স্বীকার করেছেন যে তিনি ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণগুলো সংগ্রহ করেছিলেন এবং বেনাপোল সীমান্ত হয়ে ভারতে পাচার করার পরিকল্পনা করেছিলেন।

এ ঘটনায় আটককৃতের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে বলে বিজিবি’র ওই কর্মকর্তা নিশ্চিত করেছেন।