বেনাপোল সীমান্তে ৮ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় হোমিওপ্যাথিক ওষুধ ও বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৮ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

শুক্রবার (৩১ অক্টোবর) দিনব্যাপী বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্র জানায়, অভিযানকালে মালিকবিহীন অবস্থায় ভারতীয় হোমিওপ্যাথিক ওষুধ, বিভিন্ন ধরনের শাড়ি, শাল-চাদর এবং কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী (এসপিপি, পিএসসি) গণমাধ্যমকে বলেন, “দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান পণ্য পাচার রোধে বিজিবি বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান কার্যক্রম পরিচালনা করে আসছে।”

তিনি আরও জানান, নিয়মিত অভিযানের ফলে যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিজিবি মাদকদ্রব্যসহ বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দে সফলতা অর্জন করছে। সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবির এই ধরনের অভিযান ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে বলেও জানান তিনি।